মসজিদের সামনেই জঙ্গিবাদের ছায়া, ছুরিকাঘাতে প্রকাশ্যে খুন

অবশ্যই পরুন

হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদের সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে দিনের আলোয় সংঘটিত এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরুল সম্প্রতি একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পান। ওই মামলায় নিহত জাবেদ মিয়া (বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে) হত্যার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনের কয়েক দিনের মাথায় মসজিদের সামনেই তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় পুরোনো বিরোধ থাকলেও পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকি মসজিদের মতো পবিত্র স্থানে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, “নামাজ শেষে মানুষ মসজিদ থেকে বের হচ্ছিল। হঠাৎ করে জাবেদের ভাই রুশেল মিয়া ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি।”

পরে গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বনগাঁও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে স্থানীয়দের প্রশ্ন,“ঘটনার আগেই যদি পুলিশ পক্ষগুলোর দ্বন্দ্ব সম্পর্কে সচেতন হতো, তাহলে হয়তো একজন মানুষকে প্রাণ দিতে হতো না।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ