রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে শুক্রবার রাতে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি পুলিশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে ৭ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, “গির্জার গেটের সামনে দুটি ককটেল ছোড়া হয়। একটি বিস্ফোরিত হয়, আরেকটি আমরা নিরাপদে উদ্ধার করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
জানা গেছে, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে একটি ককটেল গির্জার সামনে বিস্ফোরিত হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় ভেতরে পড়ে থাকে। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
গির্জার পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও বলেন, “ধর্মীয় অনুষ্ঠানের আগের রাতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেউ আহত না হলেও এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
