রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার

অবশ্যই পরুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনিক কারণে সার্জেন্ট আরিফুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে রুহুল কবির রিজভীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পা ছুঁয়ে সালাম করেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলাম। ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে প্রত্যাহার সংক্রান্ত আদেশে ওই ঘটনার সরাসরি কোনো উল্লেখ নেই। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, “সার্জেন্ট আরিফুল দায়িত্বের স্থানে ছিলেন না। সে কারণেই প্রশাসনিক সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

ঘটনাটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা,সমালোচনা চলছে। কেউ কেউ একে ব্যক্তিগত শ্রদ্ধা প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, একজন কর্মরত পুলিশ কর্মকর্তার এমন আচরণ পেশাগত আচরণবিধির পরিপন্থী।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ