জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনেতা জগপতি বাবুর সঞ্চালনায় ‘জয়াম্মু নিষ্চয়াম্মু রা’ শো-এর একটি প্রমো ভিডিওতে রাশমিকার এক বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ঝড় তুলেছে। সেখানে তাকে বলতে শোনা যায়,
“পুরুষদেরও জীবনে অন্তত একবার ঋতুস্রাব হওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে সেই যন্ত্রণা।”
এই মন্তব্য প্রকাশের পরই অনলাইনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল দর্শক রাশমিকাকে “নারী অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর” হিসেবে প্রশংসা করছেন, অন্যদিকে অনেকেই বলছেন, মন্তব্যটি “অবাস্তব” ও “উসকানিমূলক”।
রাশমিকা কিন্তু এর আগেও সাহসী মন্তব্যের জন্য আলোচনায় এসেছেন। সমাজ ও বিনোদন জগতের প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করা যেন তার স্বভাব। তিনি প্রায়ই এমন সব ইস্যু নিয়ে মুখ খুলেছেন, যা অনেকেই বলতে সাহস পান না।
এদিকে এই বিতর্কের মাঝেই মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকারের নতুন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ও অনু ইমানুয়েল। রাহুল রাভীন্দ্রনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এবং পুরো সাক্ষাৎকারটি আগামীকাল একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে জি ফাইভ (Zee5) প্ল্যাটফর্মে।
ন্যাশনিক্স/এপি
