জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ বলে দাবি করেছেন। মামলায় তাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. হাসিবুজ্জামান এর আদালতে জাহাঙ্গীর আলম নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি জানান, আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলম।
এ বছরের ২৭ মে দুপুরে, জাহাঙ্গীর আলম অনুদানের কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে গেলে, সেখানে তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর করা হয়। মাথায় আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তাকে পুনরায় নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকারে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ন্যাশনিক্স/এপি
