আন্তর্জাতিক সাপ্তাহিক ম্যাগাজিন The Week-এ প্রকাশিত সাম্প্রতিক একটি লেখায় বাংলাদেশ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে দেশের গণতন্ত্র ও উন্নয়নযাত্রা নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, বাংলাদেশের রাজনীতি যত বাধা-বিপত্তির মুখোমুখি হোক না কেন, জনগণের প্রতি দায়বদ্ধ রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক কাঠামোই জাতির অগ্রগতির ভবিষ্যৎ নিশ্চিত করবে।
তার মতে, বাংলাদেশের মানুষ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন, এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য সবসময় সতর্ক। তিনি স্পষ্টভাবে বলেন, ক্ষমতা কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের অর্পিত দায়িত্ব; রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, স্বচ্ছতা ও উত্তম শাসন নিশ্চিত করার পথ থেকেই বাংলাদেশ এগিয়ে যাবে। শেখ হাসিনা উল্লেখ করেন, যে কোনো রাজনৈতিক চালচিত্র, অপপ্রচার বা বিভ্রান্তি কখনোই জনগণের ইচ্ছাশক্তিকে হার মানাতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র অনেক ঝড়-ঝাপটা সামলে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে।
তিনি লেখায় বলেন, এই দেশ কোনো পরিবারতন্ত্রের ওপর দাঁড়িয়ে নেই বরং স্বাধীনতা, ত্যাগ, সংগ্রাম এবং মানুষের স্বপ্নের ওপর দাঁড়িয়ে আছে। দেশের রাজনীতিতে যে কোনো নেতার অবস্থান জনগণের ভালোবাসা, ত্যাগ ও কাজের মাধ্যমে অর্জিত হয় কেউ জন্মসূত্রে নেতা হয় না। তিনি মনে করেন, বাংলাদেশের অর্জনগুলো টেকসই রাখতে হলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সম্মানজনক পররাষ্ট্রনীতি ও জনগণের অংশগ্রহণ অপরিহার্য, আর এই নীতিই রাজনীতিকে স্থিতিশীল ও আধুনিকতার পথে নিয়ে যাবে।
শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো, আন্তর্জাতিক সম্পর্ক, শিক্ষা ও প্রযুক্তিতে গত এক যুগের অগ্রগতিকে জনগণের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, “এই দেশকে এগিয়ে নিয়ে যায় সাধারণ মানুষ তাই জনগণের ক্ষমতাই দেশের সবচেয়ে বড় শক্তি।” পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আঞ্চলিক ভূরাজনীতিতেও বাংলাদেশ সামঞ্জস্য আর সম্মানের কূটনীতি বজায় রাখবে এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যেখানে নির্বাচন, মতপ্রকাশের অধিকার, উন্নয়ন এবং আইনের শাসন সবকিছুই জনগণের অংশগ্রহণে শক্ত হবে। যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা বিতর্কের ঊর্ধ্বে থেকে দেশের স্থায়ী অগ্রগতি, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধই রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হওয়া উচিত।
The Week-এ শেখ হাসিনার এই আলোচনার সারবার্তা বাংলাদেশ অনেক বাধা পেরিয়েছে, ভবিষ্যতেও তা পারবে, কারণ এই দেশের ভিত্তি শক্ত, জনগণ সচেতন, এবং গণতন্ত্রের পথ বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়। উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক চেতনা, অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাই বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাবে বলেই তিনি বিশ্বাস করেন।
ন্যাশনিক্স/একেএ
