হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযোগের পর মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকা থেকে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২) কে গ্রেপ্তার করে পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই শিশুকে অফিস কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন প্রিন্সিপাল ইমরান। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে না চাওয়ায় পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ পায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শিশুটির মা বলেন, “আমার স্বামী প্রবাসে। সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়াশোনার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু সেই শিক্ষকই আমার সন্তানের সাথে অমানবিক আচরণ করেছে।”
অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
