চরম নিরাপত্তা সংকটের মুখে জুলাই যোদ্ধারা: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে থাকা “জুলাই যোদ্ধাদের” নিরাপত্তা এখন বড় সংকটের মুখে। তিনি উল্লেখ করেন, মৃত্যু পূর্বে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের হেনস্থার শিকার হয়েছিলেন।

বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, “জাতীয় নাগরিক পার্টি এই সব মানুষের পাশে আছে। তবে শুধু আমরা নই, সরকার ও সকল রাজনৈতিক দলকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, তাদের সংগ্রামের ফলেই আমরা ফ্যাসিবাদকে উৎখাত করতে পেরেছি।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সুচিকিৎসার দায়িত্ব থাকা সত্ত্বেও সরকার তা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। এর ফলে মৃত্যু ও আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের গাজী সালাউদ্দিন ভাইও সেই তালিকার একজন।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের আহত যোদ্ধাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করতে হবে, শুধুমাত্র সাময়িক চিকিৎসা নয়। সরকার যেসব স্বাস্থ্য সুবিধার কথা বলছে, তারও অনেক অভিযোগ রয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং লক্ষ্য ৩০০ আসন। তবে খালেদা জিয়ার সম্মানে আমরা তাঁর কোনো আসনে প্রার্থী দেব না। সকল আসনে আমরা শাপলা কলি মার্কার প্রার্থী দেব এবং সাধারণ মানুষ, শিক্ষাবিদদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে পাঠাতে চাই।”

বক্তব্য শেষে নাহিদ ইসলাম গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল-আমীন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ