রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর রাজনৈতিক অস্থিরতার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান দাবি করেছেনতার মালিকানাধীন ৩৫ বিঘা আয়তনের একটি দিঘিতে বিষ প্রয়োগ করে মাছ নষ্ট করা হয়েছে। এতে তাঁর প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
চেয়ারম্যান হাবিবুর জানান, তিনি বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। মনোনয়ন ঘোষণার রাতেই তাঁর দিঘিতে বিষ ছড়ানো হয়, পরদিন সকালে মাছ ভেসে ওঠার পর পাহারাদার বিষয়টি তাঁকে জানান। তাঁর অভিযোগ, বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমানের সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, “মাছ মরার কোনও প্রমাণ নেই। কয়েকটি ছোট মাছ পাওয়া গেছে, কিন্তু বড় মাছের কিছু হয়নি। হাবিবুর নিজেই নাটক সাজাচ্ছেন। সত্যি যদি ক্ষতি হয়ে থাকে, প্রমাণ দেখালে ক্ষতিপূরণ দেব।”
এ ঘটনার আগে স্থানীয় কয়েকজন মাছচাষিকে হুমকি দেওয়া হয়েছিল বলেও হাবিবুর দাবি করেন। তাঁর ভাষায়, “জিয়ার কিছু অনুসারী বলেছেন আমাদের সঙ্গে না থাকলে এখন মাছ মরবে। তারপরই এই ঘটনা।”
বিষয়টি নিয়ে বাগমারা থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মনোনয়ন ঘোষণার পরপরই একই দলের দুই পক্ষের বিরোধ নতুন করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ন্যাসনিক্স/একেএ
