জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি সরকার

অবশ্যই পরুন

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশে আসা আপাতত অনুমোদন দিচ্ছে না সরকার।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তাঁকে ঢাকার বাইরে কিছু কর্মসূচিতেও নেওয়ার পরিকল্পনা ছিল। তবে তাঁর আগমন নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

সভায় আলোচনায় উঠে আসে, জাকির নায়েক ঢাকায় এলে বিপুল জনসমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য প্রয়োজন হবে। বর্তমানে জাতীয় নির্বাচন সামনে থাকায় এই মুহূর্তে এত বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়।

ফলে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাকির নায়েকের আগমন স্থগিত থাকবে। নির্বাচনের পর তাঁর সফর নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও ঘৃণাবাচক বক্তব্যের অভিযোগ তোলে। পরে তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মালয়েশিয়া সরকার তাঁকে পুত্রজায়া শহরে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ