বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, জুলাই সনদের স্বাক্ষরিত কপি পরিবর্তন করে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার দাবি, বিএনপি যেই সনদে স্বাক্ষর করেছে, সেটির একটি পৃষ্ঠা বদলে অন্য একটি পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক জন্মান্ধ ব্যক্তিকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত কমিশনের ওপর সবাই আস্থা রেখেছিল। কিন্তু এই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে, তা কেউ কল্পনাও করেনি।”
তিনি আরও বলেন, জুলাই সনদে মোট ৪৮টি ধারা রয়েছে এবং এটিকে আইনি স্বীকৃতি দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকারকে সরকার, কমিশন ও সব রাজনৈতিক দলের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
