সামিরার দাবি: বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান শাহ

অবশ্যই পরুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আবারও নতুন করে আলোচনায় এসেছে তাঁর মৃত্যু নিয়ে ‘আত্মহত্যা না হত্যা’ বিতর্ক।
সম্প্রতি অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হকের এক মন্তব্যে পুরোনো এই রহস্য আবারও তোলপাড় সৃষ্টি করেছে বিনোদন অঙ্গনে।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা জানান, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন এ ব্যাপারে তিনি নিশ্চিত। তাঁর ভাষায়, “এর আগেও সালমান অন্তত তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল।”

তিনি আরও দাবি করেন, মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে দুটি আত্মহত্যাচেষ্টার প্রমাণ রয়েছে এবং তৃতীয়বারের ঘটনা ঘটেছিল অন্য একটি হাসপাতালে। তিনটি ঘটনাই সালমান ও সামিরার বিয়ের আগের সময়ের। সামিরার মতে, “ও মানসিকভাবে অস্থির ছিল একবার মায়ের সঙ্গে ঝগড়ার পর, একবার আমাকে বিয়ে করার আগ্রহে, আরেকবার ব্যক্তিগত কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল।”

সামিরা হক বলেন, সালমানের পারিবারিক জীবনের জটিলতা ও মানসিক চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তিনি যোগ করেন, “ইমন তার মাকে ‘মা’ বলে ডাকত না, বলত ‘মহিলা’। মায়ের সঙ্গে সম্পর্কটা খুব কঠিন ছিল। ছোটবেলা থেকেই ও অনেক কঠিন বিষয় দেখেছে, যেগুলো দেখা তার জন্য স্বাভাবিক ছিল না।”

অন্যদিকে, সালমান শাহর মা নীলা চৌধুরী এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাঁর ছেলে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে। তাঁর বক্তব্য, “আমার ছেলে কখনো নিজের প্রাণ নিতে পারে না। তাকে খুন করা হয়েছে।”

এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআই পাঁচটি কারণ দেখিয়ে তাদের প্রতিবেদনে আত্মহত্যার পক্ষে যুক্তি দেয়। তবে নীলা চৌধুরী সেই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে আপত্তি জানান।

দীর্ঘ শুনানির পর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সম্প্রতি নীলা চৌধুরীর আবেদন গ্রহণ করে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আইনজীবী ফারুক আহমেদ বলেন, “পিবিআই সুষ্ঠু তদন্ত করেনি। আদালতের এই নির্দেশের ফলে নতুন করে সত্য বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই তদন্ত চালায়। তবে সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবার সেই দাবি অস্বীকার করে আসছে।

মাত্র ২৫ বছরের স্বল্প জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসাসফল। নব্বইয়ের দশকে তিনি আধুনিক রোমান্টিক নায়কের নতুন ধারা সৃষ্টি করেন এবং আজও তিনি রয়ে গেছেন বাংলা সিনেমার এক অমর নায়ক হিসেবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ