লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী ও জামায়াত নেতাসহ দু’জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কলেজ শিক্ষার্থী ও শিবির কর্মী মো. মোত্তাকীন আহমেদ এবং তার বড় ভাই স্থানীয় জামায়াত নেতা মো. শামীম আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ প্রাঙ্গণে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের কর্মী আনন্দ, হৃদয়, সাব্বির, নাজমুল, স্বাধীনসহ কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের তিন সদস্যকে আটক করে এবং তাদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমান মুঠোফোনে বলেন, “আমি জরুরি কাজে ঢাকায় রয়েছি। তবে ফোনে শুনেছি ক্যাম্পাসে এমন একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এনাম হোসেন জয় বিষয়টি দেখছেন।”
আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে অধ্যক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ছাত্রলীগ সদস্যদের জামিন করানোর জন্য আবেদন করা হচ্ছে।
ন্যাশনিক্স/এজে
