ভাষা শহীদদের অবমাননা করে জামায়াতে ইসলামীর সমাবেশ

অবশ্যই পরুন

টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের কর্মীদের হাতে নিহতদের স্মরণে ও বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী বিকেল সাড়ে ৪টার দিকে মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে জুতা পায়ে দেখা যায় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা আমীর ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান ও বাইতুল মাল সম্পাদক মো. ইসহাক আলীসহ আরও অনেকে।

ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে উপজেলা আমীর ইয়া ইয়াহ্ খান মারুফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে প্রার্থী মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার বলেন, “বিষয়টা এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। আসলে সেখানে বক্তৃতা না রাখলেও হতো।”

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিস্তারিত না জেনে এখনই কিছু বলা সম্ভব নয়।”

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ