নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
বন্ধ থাকা কারখানাগুলো হলো— মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।
কর্তৃপক্ষের জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে ফটকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পরে অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিতে উদ্বুদ্ধ করেন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও তারা কাজে ফিরতে অস্বীকৃতি জানান। রোববারও একই অবস্থা চলতে থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের এই কর্মবিরতি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের অন্তর্ভুক্ত। ফলে আইন অনুযায়ী ২৬ অক্টোবর থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নোটিশের মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালু করা হবে। তবে নিরাপত্তা ও জরুরি রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা এই সিদ্ধান্তের বাইরে থাকবেন।
