বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা বাড়বে: মুফতি ফয়জুল করিম

অবশ্যই পরুন

বরিশাল প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবারও অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, “বিএনপি যদি আবারও রাষ্ট্রক্ষমতায় আসে, সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না, ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারবে না, এমনকি নারীরাও রাস্তায় চলাফেরায় অনিরাপত্তায় ভুগবে।”

রবিবার (১২ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘জুলাই সনদ বাস্তবায়ন’, ‘সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিতে নির্বাচন’ ও ‘রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা’ দাবি জানাতে আয়োজিত ওই সমাবেশে তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

মুফতি ফয়জুল করিম বলেন, “যে চাঁদাবাজি ও অন্যায়ের কারণে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল, সেই চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি—বরং আরও বেড়েছে। ধর্ষণ, দখলবাজি, রাজনৈতিক প্রতিহিংসা—সবকিছু আজও চলছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের সময়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘাত বেড়েছে, অনেক হত্যা হয়েছে। আওয়ামী লীগের আমলেও এমন পরিস্থিতি দেখা যায়নি। যারা নিজের দলের লোককে ছাড়ে না, তারা যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে দেশ আরও ভয়াবহ অবস্থায় পড়বে।”

রাষ্ট্র পরিচালনায় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে তিনি বলেন, “যদি সংখ্যানুপাতিক পদ্ধতি না মানা হয়, যদি জাতিগত ও ধর্মীয় বৈষম্য দূর না করা হয়, তবে জনগণের আস্থা ফিরে পাওয়া যাবে না।”
তিনি আরও যোগ করেন, “১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে—মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি—কেউই দেশের মানুষকে প্রকৃত অর্থে শান্তি দিতে পারেনি।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের তালা উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ