সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরুভেংড়ী গ্রামে নাতির হাতে দাদির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে নিজ ঘরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত নারীর নাম মোছা. সন্দেশ বেগম (৮৫)। পুলিশ জানায়, তার নাতি সজিব আলী মোল্লা (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে সজিব দাদির ঘরে গিয়ে তাকে প্রশ্ন করে ‘তোমার রব কে?’ দাদি উত্তর দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছেলে আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, তার মায়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে, পাশে ঘাতক নাতি ট্যাপের নিচে নিজের মাথায় পানি ঢালছে।
তিনি আরও বলেন, সজিব এইচএসসি পাস করে ঢাকায় কোচিং করছিল। কিছুদিন আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকেই সে অস্বাভাবিক আচরণ করছিল।
পুলিশ জানায়, হত্যার পর সজিব তার ফেসবুকে ‘আল্লাহু আকবার’ ও ‘ইনশাআল্লাহ একটাও ছাড় পাবে না’ লিখে পোস্ট দেয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
সলঙ্গা থানার ওসি এরামুল হক বলেন, নিহতের ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সজিব মোল্লাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ন্যাশনিক্স/এজে
