ট্রাভেল পাস ছাড়া সেন্টমার্টিনে যাওয়া নিষিদ্ধ, নতুন ১২ নির্দেশনা জারি

অবশ্যই পরুন

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রমে নতুন নিয়ম-কানুন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দ্বীপে ভ্রমণ ও পরিবেশ রক্ষায় ১২টি নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কোনো নৌযানকে সেন্টমার্টিনগামী অনুমতি দেবে না।

পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে, অন্যথায় টিকিটটি অবৈধ হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারবেন। নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে, ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারিতে পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে আয়োজন বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ, ফল সংগ্রহ বা বিক্রি, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যান চলাচল বন্ধ থাকবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকজাত পণ্য যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান-শ্যাম্পুর ছোট প্যাকেট ও প্লাস্টিক বোতল বহন নিরুৎসাহিত করা হয়েছে।

পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ