বিএনপি কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণ, দুজন আটক

অবশ্যই পরুন

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে দুই বিএনপি কর্মী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। ঘটনার পর গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ দাউদখালীর নিকিরি পাড়ার কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে সম্প্রতি বিএনপির কিছু সদস্য অভিযোগ তোলেন যে, আওয়ামী লীগের শাসনামলে এ পরিবারগুলো নির্যাতনে জড়িত ছিল। এজন্য দাবি ওঠে, এরা আর বিএনপির সঙ্গে থাকতে পারবে না।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গ্রামে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে মারধর করে আহত করে।

গ্রামবাসী প্রতিবাদ করলে, অভিযুক্তদের একজন সাজু বদ্দি পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। হামলাকারীরা পালাতে গিয়ে একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। তবে স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে আটক করে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও জব্দ করা হয়।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানিয়েছেন, আটক দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ