মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয়। তিনি জানান, পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে উৎপাদন খরচ কমানো সম্ভব হবে না, ফলে দামও কমানো যাবে না। বর্তমানে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, অনেক দেশ বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিচ্ছে। তবে তিনি জানান, মাংস আমদানি করলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, তাই সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কেন মাংস আমদানি করব? বরং দেশেই উৎপাদন খরচ কমিয়ে নিজেদের চাহিদা পূরণের পথে এগোতে হবে।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, ‘আমরা মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না।’ তিনি জানান, উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে মাংস ও ডিমের দাম কমানোর দিকে কাজ করছে সরকার। এছাড়া, গবেষণার বাজেট ৫ কোটি থেকে ৩ কোটিতে নামিয়ে আনা হয়েছে, যা দেশের জন্য বড় ক্ষতি। গবেষণায় অর্থ বরাদ্দ না থাকলে নতুন উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
