সরকারের উদ্যোগে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী।
সরকারি বাসভবন যমুনায় বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বলে নিশ্চিত করেছে তাঁর প্রেস উইং।
জুলাই সনদ স্বাক্ষরের পর তা বাস্তবায়নের বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ভিন্ন হওয়ায় সরকার সংলাপের এই উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার বিএনপির সঙ্গে বৈঠকের পর আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানিয়েছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিকেল পাঁচটায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় বৈঠকে যোগ দেবে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।
এর আগে মঙ্গলবার বিএনপির সঙ্গে বৈঠকে দলটি নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের ধাঁচে’ পরিচালনার প্রস্তাব দেয় এবং সরকারের মধ্যে থাকা দলীয় ব্যক্তিদের অপসারণের দাবি জানায়।
ন্যাশনিক্স/এজে
