অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন, যার নেতৃত্বে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল।
এর আগে দুপুরে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার। তাঁর সঙ্গে ছিলেন ‘সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি’-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসসহ অন্যান্য সদস্যরা।
ন্যাশনিক্স/এজে
