আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার পক্ষে জোরালো বার্তা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে আইনজীবীদের স্মারকলিপি

অবশ্যই পরুন

বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ এবং বাংলাদেশবিষয়ক ব্রিটিশ হাইকমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দপ্তর ১০ ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেছে আইন সহায়তা কমিটি।

গতকাল বিকেলে আইনজীবীদের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি প্রদান করেন। এতে ব্রিটিশ সরকারের প্রতি শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ সম্পর্কিত ব্রিটিশ হাইকমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন তথ্যের অসঙ্গতি ও বিতর্কিত বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো বলে উল্লেখ করে মৃত্যুদণ্ডের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন তুলে ধরার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আইনজীবী প্রতিনিধিদল মনে করে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনের শাসন, মানবাধিকার এবং রাজনৈতিক ন্যায়বিচারের প্রশ্নে আন্তর্জাতিক মহলের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সঞ্জয় রায়, ব্যারিস্টার সাইদ আলী জিরো, ব্যারিস্টার আদিব রহমান, ব্যারিস্টার শুভ, মিরাজ এবং আইন সহায়তা কমিটির অন্যান্য প্রতিনিধিরা।

প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো যুক্তরাজ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক ভূমিকা পালন করবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ