লন্ডনে এনসিপি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এ ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে ব্রিটিশ প্রশাসনও। তবে প্রশাসনিক তৎপরতার চেয়েও বেশি আলোচনায় এসেছে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির তীব্র প্রতিক্রিয়া।
কমিউনিটির অনেকের বক্তব্য, যুক্তরাজ্যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি এবং নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘাতের পরিবেশ তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুনাম এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রশ্নের মুখে পড়ছে।
তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি ও দলীয় বিরোধ যুক্তরাজ্যের মাটিতে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সংবর্ধনা দেওয়া কিংবা দলীয় কর্মসূচি আয়োজন করাই প্রবাসী কমিউনিটির প্রধান কাজ হতে পারে না। বরং এখানে বসবাসরত মানুষের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, ব্যবসা-বাণিজ্য ও নতুন প্রজন্মের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া উচিত।
বিশেষ করে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীদের ঘিরে একের পর এক সংবর্ধনা অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি আয়োজনের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ। তাদের অভিযোগ, এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে তার নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাংলাদেশি কমিউনিটির ওপর।
প্রেস ব্রিফিংয়েও প্রশ্নের মুখে এনসিপি নেতা
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকরা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অর্জন, ঐতিহ্য ও সামাজিক অবস্থানের বিষয়টি তুলে ধরেন।
প্রশ্ন ওঠে, ১৯৬০-এর দশক থেকে প্রজন্মের পর প্রজন্মের শ্রম, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আগে কখনো এতটা আলোচনায় আসেনি। তাহলে কেন নতুন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে?
সাংবাদিকদের প্রশ্নের মূল সুর ছিল প্রবাসে রাজনৈতিক পরিচয় ও দলীয় স্বার্থের চেয়ে কমিউনিটির ঐক্য, নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তি কি বেশি গুরুত্বপূর্ণ নয়?
