আইফোন ও টাকার বিনিময়ে নাসির পাটোয়ারীর বিরুদ্ধে জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও আসামিকে আশ্রয়ের অভিযোগ

অবশ্যই পরুন

চট্টগ্রামের এক সাবেক আওয়ামী লীগ কাউন্সিলরের ঘনিষ্ঠ কর্মচারীর সঙ্গে আর্থিক লেনদেন ও রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন চ্যানেল ২৪-এর সাংবাদিক ইভান মীর।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসির পাটোয়ারীর বিরুদ্ধে আইফোন ১৭ প্রো ম্যাক্স ও কয়েক লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলেছেন চ্যানেল ২৪-এর সাংবাদিক ইভান মীর।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ইভান মীর দাবি করেন, চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক এক প্রভাবশালী কাউন্সিলরের ঘনিষ্ঠ সাবেক কর্মচারী বর্তমানে ওই নেতার বিপুল সম্পদ ও ব্যবসা পরিচালনার দায়িত্বে রয়েছেন। ৫ আগস্টের পর তিনি সাবেক ওই কাউন্সিলরের বিভিন্ন ব্যবসার অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

সাংবাদিকের অভিযোগ, ওই ব্যবসায়ীর সঙ্গে এনসিপি নেতা নাসির পাটোয়ারীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আর্থিক সুবিধার বিনিময়ে ওই ব্যক্তিকে রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়া এবং ভবিষ্যতে এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে আরও অভিযোগ করা হয়, ওই ব্যবসায়ী নিয়মিতভাবে বিদেশে অবস্থানরত সাবেক আওয়ামী লীগ নেতার কাছে অর্থ পাঠান। সম্প্রতি দুবাই সফরেও তিনি অর্থ দিয়ে এসেছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া কুষ্টিয়ায় একটি তামাক কারখানায় নাসির পাটোয়ারীকে নিয়ে যাওয়ার বিষয়টিও পোস্টে উল্লেখ করেন ইভান মীর। সেখানে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার পর কিছুদিন নীরব থাকলেও সম্প্রতি ওই ব্যবসায়ীকে এনসিপির গুরুত্বপূর্ণ পদে যুক্ত করার বিষয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে ওয়াসিম হত্যা মামলার এক আসামিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং রক্ষার প্রতিশ্রুতির বিষয়েও অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য, সংশ্লিষ্ট আসামির পরিচয় কিংবা কোনো প্রামাণ্য নথি পোস্টে প্রকাশ করা হয়নি।

ইভান মীরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল লাল করেছিলেন। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের স্বার্থে কাজ এবং অর্থায়ন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক তাঁর পোস্টে দাবি করেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য ও প্রমাণ পাওয়ার পরই তিনি এসব অভিযোগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ