জামায়াত শিবিরের সমালোচনা করলেই হামলার শিকার হতে হয়: হান্নান মাসউদ

অবশ্যই পরুন

জামায়াত-শিবিরের সমালোচনা করলেই তাদের বট টিম ও কর্মীরা একযোগে অনলাইন ও অফলাইনে আক্রমণ চালায় এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে ফ্যাসিবাদী সংস্কৃতি এখনো বহাল আছে; শুধু মুখ পাল্টেছে, চরিত্র পাল্টায়নি।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের সময় ভিন্নমত প্রকাশ করলেই ট্রায়াল, হামলা ও হয়রানির সংস্কৃতি ছিল এখনও একই চিত্র দেখা যাচ্ছে। পার্থক্য শুধু এতটুকু, এখন জামায়াতের বিরুদ্ধে কথা বললেই তাদের বট টিম হাজির হয়, গালাগাল করে, ভয় দেখায়, এমনকি শারীরিক আক্রমণেও জড়ায়।

তিনি বলেন, আগে বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বলা হচ্ছে বেগম জিয়া, তারেক রহমান কিংবা জামায়াতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা যাবে না। তার ভাষায়, “যে ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি একসময় তৈরি হয়েছিল, তা আজও বহাল রয়েছে। শুধু নাম পাল্টেছে, কিন্তু স্বভাব আগের মতোই।”

এনসিপি নেতা মনে করেন, এখন বিএনপি ও জামায়াতের মধ্যেও ক্ষমতার দ্বন্দ্ব চলছে, আর তাতে সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। “আগে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ ছিল, এখন জামায়াত ও বিএনপির সংঘর্ষ হচ্ছে ক্ষমতা দখল আর ক্ষমতা ধরে রাখাকে কেন্দ্র করে,” বলেন তিনি।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আমাদের রাজনৈতিক ভিত্তি এই চেতনার ওপর দাঁড়িয়েই এনসিপি কাজ করছে। “আমরা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে যে স্বপ্নের জন্য লড়েছি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখনো হয়নি। সরকার যদি সেই সনদের আইনি ভিত্তি ও কার্যকারিতা নিশ্চিত না করে, তাহলে জনগণ আবারও প্রতারিত হবে,” মন্তব্য করেন হান্নান মাসউদ।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন, তাদের অনেকেই এখন পেছনে সরে গেছেন। “যুদ্ধের সময় গরিবদের সন্তানরা যুদ্ধ করে, রাজনীতিবিদরা বক্তৃতা দেয়, আর ব্যবসায়ীরা মুনাফা তোলে এই বাস্তবতা আমরা বদলাতে চাই,” যোগ করেন তিনি।

হান্নান মাসউদের মতে, দেশের রাজনীতিতে আজও ভিন্নমত প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। “যারা মতের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের জন্য এখনো জায়গা তৈরি হয়নি। জামায়াত শিবিরের সমালোচনা করলেই তারা গালাগাল, ভয়ভীতি ও হামলায় নামছে এটাই আজকের বাস্তবতা,” বলেন তিনি।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ