সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিকেল ৩টার দিকে তিনি বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দেন।
সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বক্তব্য দেন। পরে তিনি জেলা পরিষদে আয়োজিত সভায় অংশ নেন।
এর কিছুক্ষণ পর জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার অনুরোধের পরও পুলিশ আগে থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
