সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন কালের কণ্ঠকে জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। ভোরে রওনা হয়ে তিনি নিরাপদে কেরানীগঞ্জে পৌঁছেছেন।
স্থানান্তরের কারণ জানতে চাইলে জেল সুপার বলেন, রুটিন স্থানান্তরের অংশ হিসেবেই তাকে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনকে আসামি করা হয়।
জুন মাসে মামলাটি বিচার উপযোগী বিবেচিত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বর্তমানে এ মামলায় ২৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১২ জন পলাতক।
গত ২ ফেব্রুয়ারি নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। এ পর্যন্ত মামলায় তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
