শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ট্রাইব্যুনালে নেওয়ার আগে প্রিজনভ্যান থেকে নামানোর সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। এ সময় পুলিশ সদস্যকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে।’
এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ বাগ্বিতণ্ডা হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে গাড়ি থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’
এদিন দুপুর ২টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে।
মামলায় গ্রেপ্তার অপর ১০ আসামিকেও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।
এর আগে গত ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে ১২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
