কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নারী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার ও জবাবদিহির দাবি তোলেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও অন্যান্য অনুষ্ঠানে নারীদের নিয়ে তার দেওয়া বক্তব্য ও মন্তব্য তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করছে বলে তারা মনে করেন।
তাদের ভাষ্য, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মান ও অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। জনপ্রতিনিধিদের বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকা জরুরি। নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, আমির হামজার বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে সংসদ সদস্য পদ থেকে আমির হামজার পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নারী নেত্রীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
