নুসরাতের দাদার বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার প্রমাণ পায়নি পুলিশ

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা হামলার কোনো আলামত পায়নি পুলিশ। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আগুন লাগা বাড়িটি নুসরাত তাবাসসুমের দাদার পুরোনো বাড়ি। সেখানে বর্তমানে কেউ বসবাস করেন না। বাড়িটি মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ওসি খালেদুর রহমান জানান, আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। তবে এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম তাঁকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর পুলিশ রাতভর ঘটনাস্থলে অবস্থান করে।

পেট্রোল বোমা হামলার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এখন পর্যন্ত এ অভিযোগের পক্ষে কোনো আলামত মেলেনি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ