বিএনপি নেতার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের নামে সারের ডিলারশিপ

অবশ্যই পরুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি নেতার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের নামে সারের ডিলারশিপ দেওয়ার ঘটনায় আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। পীরগঞ্জ ইউনিয়নে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম মুস্তারী সিনথিয়া। তাঁর বাবা মামুনুর রশীদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একটি মাদ্রাসার প্রভাষক।

শুধু শবনম নন, ঠাকুরগাঁওয়ে নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের তালিকায় বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজনদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন স্থানীয়রা। বাকি তিনজনের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক বলে অভিযোগ রয়েছে।

গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা নতুন ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন স্থানীয় সার ব্যবসায়ীরা।

অভিযোগ রয়েছে, নতুন নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না। কারও কারও আয়করসংক্রান্ত নথি ও ব্যাংক হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। নির্ধারিত ধারণক্ষমতার গুদাম না থাকার অভিযোগও করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অধিকাংশের ব্যবসার অভিজ্ঞতা ও গুদাম নেই। ফলে প্রকৃত সার ব্যবসায়ীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন।

অন্যদিকে, হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন দাবি করেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আবেদন করেছেন এবং যাচাই-বাছাইয়ের পর নিয়োগ পেয়েছেন। এতে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়েছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তারা নানা কথা ছড়াচ্ছেন। ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে তাঁর কোনো ভূমিকা ছিল না।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, উপজেলা কমিটি আবেদন যাচাই-বাছাই করে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী সুপারিশ করেছে। জেলা কমিটি সেই সুপারিশে কোনো পরিবর্তন করেনি। মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ দিয়েছে। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ