বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তাঁর এই পদক্ষেপকে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে তুলে ধরছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্যও আবেদন করেছেন। তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে প্রয়োজনীয় নথি ইস্যুর ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন।
রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য স্ট্রেইটস টাইমস, হিন্দুস্তান টাইমস ও দ্য টেলিগ্রাফসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলোতে শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তন, নতুন পাসপোর্ট সংগ্রহের উদ্যোগ এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীদের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় পর তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডি সংগ্রহের উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
