সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হলো।
চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা শেখ হাসিনা আগে জানিয়েছিলেন, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে সেই পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও চিঠিতে তুলে ধরেছেন আইনজীবীরা।
এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে রয়টার্সের পক্ষ থেকে বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার কথিত অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। পরবর্তী সময়ে তিনি ভারতে অবস্থান নেন। ওই অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মামলায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী বর্তমানে কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সূত্র: রয়টার্স
