কক্সবাজারে চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খুরুলিয়া এলাকায় রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায়। নিরাপত্তাহীনতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় বসবাস করছেন।
মাহমুদুল হক জানান, শুক্রবার দুপুরে ব্যবসায়িক কাজে নোয়াহ গাড়ি নিয়ে রামু যাচ্ছিলেন তিনি। পথে খুরুলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির সামনে অবস্থান নিয়ে গতিরোধ করেন। বিপদের আশঙ্কায় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তাঁর পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে।
পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার জন্য লিংকরোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর স্বজনদের দায়ী করেছেন মাহমুদুল হক। তিনি বলেন, জমি নিয়ে লিয়াকত আলীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ৫ আগস্টের পর তাঁকে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছে। ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াদুদ আলী এবং তাঁদের সহযোগী নাসেরসহ ছয়জন এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।
এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
ন্যাশনিক্স/এলকে
