পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে নির্ধারিত এ সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়।
সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সভার নতুন তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মালিকপক্ষের পক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত নিম্নতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।
এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে চার দিন সময় চেয়েছিল।
আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন ও তা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সভাটি স্থগিত করা হয়েছে।
