কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার ছাড়াই এক বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধার স্বজনরা। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় মারা যান ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মজীবনে যোগাযোগ ও আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। জীবনের শেষ দিনগুলো ঢাকায় ছেলের সঙ্গে কাটাচ্ছিলেন।
মৃত্যুর পর ঢাকায় প্রথম জানাজা শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনারের অপেক্ষায় ছিলেন স্বজনরা। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় শেষ পর্যন্ত গার্ড অব অনার ছাড়াই তাঁকে দাফন করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
প্রয়াত মুক্তিযোদ্ধার ভাই শাহজাহান বলেন, ‘আমরা চেয়েছিলাম আমার ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। যে মানুষটি ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না।’
মহালক্ষীপাড়া গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা বলেন, ‘বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া না গেলেও অন্তত প্রশাসনের লোক এসে শেষ শ্রদ্ধা জানিয়ে যেতে পারত। কিন্তু তাও করা হয়নি।’
ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার জানান, গার্ড অব অনার ও সশস্ত্র সালামের জন্য প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছিল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া যায় না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, তিনি মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন। গার্ড অব অনার না দেওয়ায় পুরো এলাকায় তীব্র সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গার্ড অব অনারের জন্য এক পিকআপ পুলিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য একটি দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি। তবে পুলিশ জানাজায় অংশ নিয়েছে।
অভিযোগের বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া হয় না। তারপরও তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন। তবে ঢাকা থেকে মরদেহ আনা নিয়ে দ্বিধা ছিল। মাগরিবের পর কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, তাই গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি।
ন্যাশনিক্স/এলকে
