পিরোজপুরে বিক্ষুব্ধ জনতার হামলা, বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

অবশ্যই পরুন

পিরোজপুরের নাজিরপুরে বিক্ষুব্ধ জনতার হামলায় বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আসা একটি মিছিল উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর করা হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল বাইরে এনে আগুন দেওয়া হয় এবং টিনের অংশ কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ