জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে জুবায়েদ টিউশনি করতে গিয়ে ওই বাসার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জুবায়েদ টিউশনি করতে ওই বাসায় যেতেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “জুবায়েদের মৃত্যুর খবর শুনেছি, এটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে, আমিও ঘটনাস্থলে যাচ্ছি।”
ন্যাশনিক্স/এজে
