জুলাই আন্দোলনের স্মৃতি ফিরিয়ে সাভারের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধদের হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের সামনে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে পোশাকশ্রমিকরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলম, পুলিশ সদস্য, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য বিজিবির তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে হেমায়েতপুর, উলাইল ও আশপাশের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় বিপুলসংখ্যক শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ প্রতিরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। হামলায় ওসি গুরুতর আহত হয়েছেন।
সাভারে দায়িত্ব পালনরত বিজিবি ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইমুন জানান, সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে তিন প্লাটুনের মতো বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যারা বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ন্যাশনিক্স/এলকে
