বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ

অবশ্যই পরুন

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার চারটি পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


আন্দোলনে অংশ নেওয়া কারখানাগুলো হলো আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট। শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে মূল সড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।


এর আগে সোমবার একই এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে চারটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।


পরে কয়েক হাজার শ্রমিক মিছিল নিয়ে কাঠেরপুল এলাকা থেকে শিবু মার্কেটের দিকে এগিয়ে যান। পুলিশ মূল সড়কে প্রবেশের মুখে বাধা দিলেও ব্যারিকেড অতিক্রম করে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ