সরকারি দামেও মিলছে না এলপিজি, ৫০০ টাকা বেশি গুনতে হচ্ছে গ্রাহকদের

অবশ্যই পরুন

সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। ১২ কেজির একটি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ২ হাজার ৬০ টাকা হলেও কোথাও কোথাও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।


রাজধানীর কারওয়ান বাজারে এলপিজি সিলিন্ডার কিনতে গিয়ে বাড়তি দাম চাওয়ার মুখে পড়েন রুকাইয়া বেগম নামে এক বাসিন্দা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ টাকা বেশি দাবি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। সরকারি নির্ধারিত দামে গ্যাস না পেয়ে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনছেন গ্রাহকরা। কয়েক দফায় মূল্যবৃদ্ধির পর নতুন করে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।


সম্প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একবারে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নির্ধারিত এই মূল্য এখন পর্যন্ত সর্বোচ্চ। এর ওপর খুচরা বাজারে বাড়তি দাম নেওয়ায় ভোক্তাদের ব্যয় আরও বেড়েছে।


অন্যদিকে, খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার কিনতে হচ্ছে। ফলে তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।


বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয়ের বিষয় বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


এদিকে, বাজারে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি বন্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। দ্রুত বাজারে শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান তাদের।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ