আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর একটি শোকাবহ দিন। রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় কারাগারের মতো সুরক্ষিত স্থানে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে।
মুক্তিযুদ্ধে এই চার নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাঁরা।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই বছরের ৩ নভেম্বর মধ্যরাতে কারাগারের ভেতরে তাঁদের গুলি করে হত্যা করা হয়। গুলি করার পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাঁদের ক্ষতবিক্ষত করা হয়। পরদিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জেলহত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে সাজা দেওয়া হয় এবং বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক তিনজনের মৃত্যুদণ্ড এবং অন্য ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
প্রতি বছর ৩ নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালন করা হয়।
ন্যাশনিক্স/এলকে
