ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সংঘর্ষের পর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০, ১১ ও আশপাশের এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনাও সামনে এসেছে।
এর আগে রোববার রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
অন্যদিকে, পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
