পুলিশের ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেন তাহসিফ, দাবি বন্ধুর

অবশ্যই পরুন

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ এমন দাবি করেছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তবে ধাওয়াকারীরা কারা ছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ধাওয়াকারীরা পুলিশের লোক ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় আটক দীপকে জিজ্ঞাসাবাদে ঘটনার রাতের বিভিন্ন তথ্য উঠে এসেছে। তার দাবি, ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি নিজে পালিয়ে যান। তবে ধাওয়াকারীদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। বৃহস্পতিবার রাতে উদ্ধার করা মোটরসাইকেলটি পরে উত্তরখান থানায় নেওয়া হয়। পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে বাইকটি তার ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে পাঠানো শেষ ভয়েস মেসেজে দ্রুত বাসায় ফেরার কথা জানান তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার বিকেলে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে কোনো পক্ষের ধাওয়ার মুখে পড়ে থাকতে পারেন তাহসিফ। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে দীপের দাবি, ধাওয়াকারীরা পুলিশের লোক ছিলেন। তার বক্তব্যের সত্যতা যাচাই করতে সিসিটিভি ফুটেজ, উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।

তাহসিফের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তার বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নেয় পিবিআই মেট্রো উত্তর। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উত্তরার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে দীপের সঙ্গে দেখা হওয়ার পর পৃথক মোটরসাইকেলে এলাকা ছাড়েন তাহসিফ।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে উত্তরায় তাহসিফের দাফন সম্পন্ন হয়। তার বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ