রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। ছয় দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে এবং রোববার (১৯ অক্টোবর) খালাসের কথা ছিল। বিষয়টি মমতা ট্রেডিং কোম্পানির এক প্রতিনিধি নিশ্চিত করেছেন।
এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়াল্টনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে, তবে কুরিয়ারের মাধ্যমে আসা ডকুমেন্টস অর্ধদিবস খালাস হয়। এসব কার্যক্রমের দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কার্গো সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ বিমানবাহিনী, নৌবাহিনী ও সিভিল অ্যাভিয়েশন একযোগে কাজ করে। দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিয়ে আনসারের ১৭ জন ও ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, প্রবল বাতাস ও কার্গো ভিলেজের খোপযুক্ত কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তদন্ত শেষে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
