তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করায় কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলশিক্ষককে আটক

অবশ্যই পরুন

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার ঘটনায় গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তোলেন শিক্ষক লালন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। শিক্ষার্থীদের দাবি, মন্তব্যটি নিয়ে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়।

বিষয়টি শিক্ষার্থীরা বাড়িতে জানালে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তাঁর বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে, এমন মন্তব্য তিনি করেছিলেন বলে জানান প্রধান শিক্ষক।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। জনরোষের পরিস্থিতি তৈরি হওয়ায় শিক্ষককে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ