ধানমন্ডি ৩২ ভাঙচুরকে ‘ভুল’ স্বীকার, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইলেন জুলাই যোদ্ধা সিদ্দিক

অবশ্যই পরুন

গণভবন ও ধানমন্ডি ৩২ নম্বরের মতো স্থাপনায় ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে “ভাইরাল সিদ্দিক” নামে পরিচিত সিদ্দিক। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি আওয়ামী লীগ, দলটির সভাপতি শেখ হাসিনা এবং দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চান বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ওই ভিডিওতে সিদ্দিক বলেন, গণভবন ও ধানমন্ডি ৩২ নম্বরের মতো স্থাপনায় ভাঙচুরের ঘটনায় জড়িত থাকা তার জীবনের একটি বড় ভুল ছিল। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্তকেও তিনি ভুল বলে উল্লেখ করেন। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তিনি প্রকাশ্যে অনুতপ্ত হয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সিদ্দিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের অনেকে বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে নতুন করে রাজনৈতিক ও আইনি জবাবদিহি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের ওপর সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ ভবিষ্যতে আইনি জবাবদিহির মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে এখন নিজেদের অবস্থান পরিবর্তন করছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইছেন।

এদিকে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে রয়টার্সের বরাতে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ