পেট্রোলিয়াম লেভি বাতিল ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী ধাপ স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। দলটির আমির হাফিজ নাঈমুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধেই লং মার্চ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুলতানে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে ফোন করে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
হাফিজ নাঈম বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। শেহবাজ শরিফ দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা হবে। তবে বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি চলবে।
জামায়াতের আমির স্পষ্ট করে বলেন, লং মার্চের পরবর্তী ধাপ স্থগিত করা হলেও আন্দোলন প্রত্যাহার করা হয়নি। জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি বহাল রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানিয়েছিল, তিনি ফোনে হাফিজ নাঈমুর রহমানকে ইসলামাবাদমুখী লং মার্চ ও অবস্থান কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন। জনগণকে জ্বালানি খাতে স্বস্তি দিতে সরকার কাজ করছে বলেও তাকে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
ন্যাশনিক্স/এলকে
