রাজধানীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে পালিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা বলেন, যুবলীগের আহ্বানে অনুষ্ঠিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে আওয়ামী লীগ নৈতিক সমর্থন জানিয়েছিল। ঢাকাবাসীর সহযোগিতা ও সমর্থনে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, দেশব্যাপী হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, মামলাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, শিল্প-কারখানা বন্ধ, বেকারত্ব এবং বিভিন্ন খাতে সংকটের কারণে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব পরিস্থিতির প্রতিবাদে এবং দেশকে রক্ষার দাবিতে যুবলীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, কর্মসূচিটি রাজধানীকেন্দ্রিক হলেও জনগণের ক্ষোভ ও প্রতিবাদের কারণে তা সারাদেশেও পালিত হয়েছে। কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধা ও কষ্ট হয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান শেখ হাসিনা। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেখ হাসিনা বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে অন্ধকার ভেদ করে দেশে পরিবর্তনের সূচনা হবে বলে তিনি বিশ্বাস করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘আঁধার কেটে ভোর হোক’ এবং ‘বাংলাদেশ চিরজীবী হোক’—এমন প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল যুবলীগ। এর আগে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছিল।
